ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ফলদ গাছের চারা ও সাইকেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১১০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট ও ফলদ গাছের চারা উপহার দেওয়া হয়। একই সঙ্গে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে ১৩৯টি পানির ফিল্টার এবং ২৬০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে সাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার শিক্ষকদের মর্যাদা ও পারিশ্রমিক বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছে। ভালো শিক্ষক নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাবে। এছাড়া ঝরে পড়া রোধে রাষ্ট্রীয় দায়িত্বে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি শিশুকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মানসম্মত শিক্ষা দিতে পারলে দেশের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি আরও বলেন, সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে। কাউকে যাতে শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকতে না হয়, সে লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, সরকার নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে।
বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসা, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আপনার মতামত লিখুন :