রাজবাড়ীতে কাতারপ্রবাসী আবদুর রহিম হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নাজমুল হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬, ০৭:৪৭ পিএম

রাজবাড়ীতে কাতারপ্রবাসী আবদুর রহিম হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীতে কাতারপ্রবাসী আবদুর রহিম মোল্লা হত্যা মামলায় সাদ্দাম হোসেন মিয়া (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সাদ্দাম পাংশা পৌরসভার নারায়ণপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে।

নিহত আবদুর রহিম মোল্লা পাংশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নান মোল্লার ছেলে। তাঁর ভাইকে চাকরি দেওয়ার কথা বলে সাদ্দাম হোসেন মিয়া, পলাশ মন্ডল, রাশেদ মন্ডল ও শরীফ মুন্সী ১০ হাজার টাকা নেন। ২০১৬ সালের ৫ নভেম্বর টাকা ফেরত দেওয়ার কথা বলে রহিমকে পাংশা সরকারি কলেজ এলাকার চাচার ক্যান্টিনে ডেকে নেওয়া হয়। বিকেল ৫টার দিকে ক্যান্টিনের সামনে পৌঁছালে তাঁকে ছুরি দিয়ে পেট ও ঊরুতে আঘাত করা হয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর ভোরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে পাংশা মডেল থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

Link copied!