নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিকের নেতৃত্বে থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযানে মাদক ব্যবসায়ী ২ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন, সন্ত্রাসবিরোধী আইনে ১ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন, চুরি মামলায় ২ জন এবং মাদকসেবী ৬ জনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন মো. কামাল (৫০) ও মোসা. চামেলী বেগম। তাদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদকসেবী হিসেবে গ্রেপ্তারকৃতরা হলেন মো. শাকিল হোসেন (২৬), মো. মেহেদী হাসান (২৬), মো. সাব্বির (২৬), মো. ফাইম (২৩), সানি মোল্লা (২২) ও মো. আতিকুর রহমান (২৫)। চুরি মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন ওসমান ও তারেক রহমান। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারকৃত সনজিৎ পাল (৫৩) সাদিপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তারকৃত আল আমিন (২৪)। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে সামসুদ্দিন (৬৫), আলমগীর (৩৫), আহম্মদ হোসেন (৪৭) ও মো. বাছেদকে (৪৭) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।

আপনার মতামত লিখুন :