ঢাকার ধামরাইয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ধামরাই পৌর ছাত্রদল ও ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার ১২টি কলেজ ও ৩২টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।প্রতিযোগিতায় ১২টি কলেজের মধ্যে চ্যাম্পিয়ন হয় ধামরাই সরকারি কলেজ এবং রানারআপ হয় শরিফবাগ দাখিল ইসলামিয়া মাদ্রাসা। অন্যদিকে, ৩২টি স্কুলের মধ্যে চ্যাম্পিয়ন হয় নান্নার-সুয়াপুর স্কুল এবং রানারআপ হয় হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে ৫০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া এ-প্লাস (A+) প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। সাতজন দরিদ্র শিক্ষার্থীর সম্পূর্ণ ভর্তি ফি ও মাসিক বেতন বহনের ঘোষণাও দেন বিএনপি নেতারা। ধামরাই পৌর ছাত্রদলের সভাপতি খোদার নূর রনির সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্য রহমান হাসান, ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফাহাদ হোসেন ও যুগ্ন আহবায়ক রাহিম রব্বানী শশী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইফতেখার আলী, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও যুক্তিনির্ভর চিন্তাশক্তির বিকাশ এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যেই এ বিতর্ক উৎসবের আয়োজন করা হয়। সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন :