২৩ সেপ্টেম্বর কারা ছুটি পাবেন, কারা পাবেন না

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১১ এএম

২৩ সেপ্টেম্বর কারা ছুটি পাবেন, কারা পাবেন না

ফাইল ফটো

আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে দিনটি সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি নয়।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মীরা ছুটি পাবেন।

অন্যদিকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দিনটি সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত নয়। তাদের নিয়মিত কর্মদিবস হিসেবে অফিস করতে হবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কেউ চাইলে দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে নিতে পারবেন।

বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও ২৩ সেপ্টেম্বর স্বাভাবিক কার্যক্রম চলবে। ব্যাংক, বিমা, করপোরেট অফিসসহ অন্যান্য প্রতিষ্ঠানে কর্মীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে ছুটি প্রযোজ্য হবে না।

‘ইয়াজদাহম’ অর্থ এগারো এবং ‘ফাতেহা’ অর্থ দোয়া করা। হজরত আবদুল কাদের জিলানী (র.)-এর ওফাত দিবসকে কেন্দ্র করে মুসলমানদের ধর্মীয় আয়োজন ও দোয়ার দিন হিসেবে ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হয়ে আসছে।

হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি হজরত আবদুল কাদের জিলানী (র.) মৃত্যুবরণ করেন বলে ইসলামের ইতিহাসে উল্লেখ রয়েছে।

সরকারি ছুটির ক্যালেন্ডারে দিনটি মুসলিম পর্বের ঐচ্ছিক ছুটি। তবে শিক্ষাপঞ্জিতে আলাদাভাবে ছুটি নির্ধারিত থাকায় ২৩ সেপ্টেম্বর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

 

Link copied!