সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক শাকিল গ্রেফতার: অবিলম্বে মুক্তির দাবি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৫ পিএম

সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক শাকিল গ্রেফতার: অবিলম্বে মুক্তির দাবি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের

ফাইল ফটো

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখানো সিনিয়র সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ।

৮ অক্টোবর সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক বলেন, “মতপ্রকাশের কারণে ব্যক্তিদের নিশানা করতে সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করা উদ্বেগজনক প্রবণতার অংশ। একজন সাংবাদিককে এভাবে হয়রানি করা উচিত নয়।

বিবৃতিতে বলা হয়, ৭ অক্টোবর দুপুর ১২টার দিকে রাজধানী থেকে সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শাকিলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। পরে তাকে নরসিংদীর মনোহরদী থানায় নেওয়া হয়।

সংগঠনটির অভিযোগ, পরবর্তীতে শাকিলকে মনোহরদী থানার একটি মামলায় গ্রেফতার দেখানোর পাশাপাশি সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায়ও গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সংগঠনটির দাবি, সাংবাদিক শাকিল মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশার দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের জেরেই তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালত সি.ডব্লিউ মূলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।  মামলা দুটির মধ্যে মনোহরদী সি.আর মামলা নং-৮১৭/২০২৪-এ দণ্ডবিধির ৪৪৭, ৩৮৫, ৩৮০ ও ৫০৬(২) ধারায় এবং মনোহরদী থানার মামলা নং-৫(১)২০২৬-এ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ রয়েছে।

এদিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক শাকিলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এর মধ্যে সম্পাদক-প্রকাশক পরিষদ বাংলাদেশ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশও রয়েছে। সংগঠনগুলোর পক্ষ থেকে ঘটনাটিকে সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করে সাংবাদিক শরিফুল ইসলাম শাকিলের নিঃশর্ত মুক্তি এবং হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে।

তবে শাকিলের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর অভিযোগ আদালতে বিচারাধীন। ওসি জাহাঙ্গীর বাদশার বিরুদ্ধে প্রতিহিংসার যে অভিযোগ করা হয়েছে, সে বিষয়ে তার বক্তব্য জানা গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

সিয়াম সরিষা
Link copied!