নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল রোববার (১১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি সকাল ১১টায় শুরু হওয়ার কথা রয়েছে। শাকিলকে হয়রানিমূলক ও মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
কর্মসূচির উদ্বোধন করবেন বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি নাসিম আক্তার সোমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক।
এ ছাড়া বিভিন্ন সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে বক্তব্য রাখবেন। এতে বিপিজেএফের কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন জেলা শাখার নেতাকর্মীসহ দেশের বিশিষ্ট সাংবাদিক নেতা এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলের মুক্তির দাবিতে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরার পাশাপাশি তাঁর মুক্তির দাবি জোরালো করার প্রত্যাশা করছেন আয়োজকরা। কর্মসূচির সংবাদ সংগ্রহ, ভিডিও ধারণ, সাক্ষাৎকার গ্রহণ ও প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বার্তা সম্পাদক ও প্রধান প্রতিবেদকদের কাছে সংবাদকর্মী পাঠানোর আমন্ত্রণ জানিয়েছে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটি। সংগঠনটির পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এসএম রেজাউল করিম গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :