টাঙ্গাইলের ভূঞাপুরে সাংস্কৃতিক সংগঠন ‘জলসা’র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজনদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। গান, নাটক ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাকো কিন্ডারগার্টেনের হলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করে সংগঠনটি। জলসার সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ও গুণীজনদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব শফিকুল ইসলাম মুকুল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. শওকত আলম, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহী উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান সরোয়ার লাভলু, ধূমকেতু থিয়েটারের সভাপতি আব্দুল করিম খান, কবি হারুন অর রশিদ হিটলার, সাংবাদিক মিজানুর রহমান ও আব্দুল লতিফ তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে সংগীত পরিচালনায় ছিলেন এম কে হাতেম ও খোকন। এ সময় কোক স্টুডিওর তারকা শিল্পী কানিজ খন্দকার মিতু সংগীত পরিবেশন করেন। পাশাপাশি জলসার খুদে শিল্পীদের পরিবেশনায় দর্শক-শ্রোতারা উপভোগ করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশনা শেষে জলসার নাট্যশিল্পীরা একটি নাটিকা মঞ্চস্থ করেন। গান ও নাটকের সমন্বয়ে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য। দীর্ঘ ২৯ বছরের সাংস্কৃতিক পথচলায় জলসার এই প্রতিষ্ঠাবার্ষিকী স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের মানুষ ও গুণীজনদের একত্রিত হওয়ার উপলক্ষ তৈরি করে। অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিল্পী ও দর্শকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি মিলনমেলায় রূপ নেয়।

আপনার মতামত লিখুন :