কমেনি ইবির সমাবর্তন ফি, নিবন্ধন শুরু আগামীকাল

ওয়াসিফ আল আবরার , ইবি সংবাদদাতা

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬, ০২:৩২ পিএম

কমেনি ইবির সমাবর্তন ফি, নিবন্ধন শুরু আগামীকাল

নানান সমালোচনা ও আশ্বাসের পরেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নির্ধারিত নিবন্ধন ফি কমানো হয়নি। ৫ হাজার টাকা ফি নির্ধারণ করেই আগামীকাল ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে সমাবর্তনের নিবন্ধন প্রক্রিয়া, যা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এছাড়া বিভিন্ন পর্যায়ের সনদপত্রের ফিও নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সমাবর্তনের প্রচার উপকমিটির প্রকাশিত বিজ্ঞপ্তি ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক (অনার্স) পর্যায়ে সনদপত্রের জন্য ৫০০ টাকা, স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে ৭০০ টাকা, এমফিলের জন্য ১ হাজার টাকা এবং পিএইচডি ডিগ্রির জন্য ২ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সমাবর্তনে সর্বোচ্চ তিনজন অতিথি সঙ্গে নেওয়া যাবে। স্বামী বা স্ত্রী এবং পাঁচ বছরের কম বয়সী সন্তানের জন্য কোনো অতিথি ফি দিতে হবে না। তবে পাঁচ বছর বা তার বেশি বয়সী প্রত্যেক অতিথির জন্য ১ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এদিকে সমাবর্তনের ফি নির্ধারণের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। বিশেষ করে সদ্য স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই ফি বহন করা কঠিন বলে মনে করছেন তারা। বিভিন্ন সময় দাবি জানানো সত্ত্বেও প্রশাসন তা আমলে না নিয়ে ফি অপরিবর্তিত রাখায় ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। আল ফিকহ বিভাগের শিক্ষার্থী সোহরাব বলেন, শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফি কমানোর বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, তা প্রহসনমূলক। সমাবর্তন গ্র্যাজুয়েটদের জীবনের বড় অর্জনের উৎসব, এটি বিশ্ববিদ্যালয়ের তহবিল ভারী করার কোনো বাণিজ্যিক ইভেন্ট নয়।

শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, যখন শিক্ষার্থীরা ফি নিয়ে ক্ষোভ প্রকাশ করছিল, তখন ‘এখনো ফি চূড়ান্ত হয়নি’ বলে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল। অথচ এখন আগের ঘোষিত সেই বড় অঙ্কের ফি-ই বহাল রাখা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক এস এম সুইট বলেন, সমাবর্তন শিক্ষার্থীদের অধিকার। সমাবর্তনের নামে শিক্ষা বাণিজ্য থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সরে আসার আহ্বান জানাচ্ছি। আকাশচুম্বী ফি নির্ধারণ করে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের এই অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা চলছে। মেধা ও শ্রম দিয়ে অর্জিত ডিগ্রি টাকার দাঁড়িপাল্লায় মাপা বন্ধ করার আহ্বান জানান তিনি।

সিয়াম সরিষা
Link copied!