আবদুল্লাহ আল নোমান , পটিয়া : চট্টগ্রামের পটিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার ও বহন নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো, শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নির্দেশনা অমান্য করে কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে যোগাযোগের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপন কান্তি দে বলেন, শ্রেণিকক্ষে মোবাইল ফোনের ব্যবহার শিক্ষার্থীদের মনোযোগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে নির্দেশনার বাস্তবায়ন তদারকি করা হবে।
এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন পটিয়া শাহ আমির উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মফিজুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তটি সময়োপযোগী ও প্রশংসনীয়। মোবাইল ফোনের অপ্রয়োজনীয় ব্যবহার শিক্ষার্থীদের পড়ালেখা ও মানসিক বিকাশে প্রভাব ফেলতে পারে। প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে সহযোগিতা করা প্রয়োজন।
আমরা বিদ্যালয় পর্যায়ে এ নির্দেশনা বাস্তবায়নে সচেতন ভূমিকা রাখব। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, প্রশাসনের এ উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মনোযোগ বৃদ্ধি, পাঠদানের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :