যোগদানের ২০ দিনের মাথায় গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৬ পিএম

যোগদানের ২০ দিনের মাথায় গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার

ফাইল ফটো

যোগদানের মাত্র ২০ দিনের মাথায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে প্রথমে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলেও পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

গত ১ সেপ্টেম্বর গৌরীপুরের এসিল্যান্ড হিসেবে দায়িত্ব নেন নিয়ামত উল্ল্যা। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন বলেন, রবিবার সকালে মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

আদেশে সরকারি জনস্বার্থে তাকে বদলির কথা উল্লেখ করা হয়েছে। প্রথম আদেশে তাকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার আদেশ হয়েছে বলে জেনেছি। গতকাল সন্ধ্যায় এসিল্যান্ড কর্মস্থল ত্যাগ করেছেন।

তবে প্রত্যাহারের কারণ সম্পর্কে তিনি অবগত নন বলে জানান ইউএনও। তিনি বলেন, বিষয়টি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জানা যাবে।

এদিকে ফেসবুকে নিয়ামত উল্ল্যার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে। এসব পোস্টে তার ছাত্রজীবনে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করা হয়েছে। পাশাপাশি ছদ্মনামে ব্লগে লেখালেখির দাবিও করা হয়। তবে এসব দাবির স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, এসিল্যান্ডকে নিয়ে ফেসবুকে কিছু তথ্য প্রকাশ হয়েছে, সে কারণে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে বিস্তারিত কিছু বলতে পারবো না।

নিয়ামত উল্ল্যা ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে টাঙ্গাইল ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দায়িত্ব পালন করেন।

 

Link copied!