কুবি প্রেস ক্লাবের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

নুরুল হাকিম বাপ্পী , কুবি প্রতিনিধি

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:৫০ পিএম

কুবি প্রেস ক্লাবের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব’-এর উদ্যোগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ‘তারুণ্যের ক্যানভাসে আগামীর সাংবাদিকতা’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিক ও সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে ৬ ও ৭ নভেম্বর এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক সঞ্জয় তরফদার, প্রথম আলোর উপ-বার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান এবং দ্য ডেইলি স্টারের সিনিয়র স্টাফ রিপোর্টার আহসান হাবিব। এদিন সঞ্জয় তরফদার সাংবাদিকতার প্রাথমিক ধারণা, সংবাদ সংগ্রহ ও লেখার মৌলিক কৌশল নিয়ে আলোচনা করেন। কাজী আলিম-উজ-জামান ফিচার লেখার কৌশল, বিষয় নির্বাচন ও লেখার গঠন নিয়ে প্রশিক্ষণ দেন। অন্যদিকে, আহসান হাবিব অনুসন্ধান সাংবাদিকতার বিভিন্ন দিক, তথ্য অনুসন্ধান, তথ্যের সত্যতা যাচাই এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘সাংবাদিকতা এমন একটি পেশা, যেটিকে আমি দর্পণ হিসেবে দেখি। বিভাগ ও অনুষদের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রম কতটা স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে, তা তুলে ধরাই সাংবাদিকতার অন্যতম দায়িত্ব। এ ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তার উন্মেষ, মানসিকতার পরিবর্তন এবং সমাজের সামনে সঠিক ও সত্য তথ্য তুলে ধরার দক্ষতা তৈরি হবে। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ থেকে শিক্ষার্থীরা বস্তুনিষ্ঠ সংবাদ তৈরির বাস্তব ধারণা লাভ করতে পারবে। তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের নিয়ে প্রতি ছয় মাস বা এক বছর অন্তর এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হলে শিক্ষার্থীরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় উৎসাহিত হবে এবং ভবিষ্যতে দক্ষ সাংবাদিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।’

কুবি প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক বলেন, ‘আমাদের আজকের কর্মশালার শিরোনাম ‘তারুণ্যের ক্যানভাসে আগামীর সাংবাদিকতা’। তারুণ্য মানেই নতুন চিন্তা, সম্ভাবনা, সৃজনশীলতা এবং পরিবর্তনের জোয়ার। সেই তারুণ্যের হাতে যদি সঠিক জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয় ঘটানো যায়, তবে আগামীর সাংবাদিকতা আরও সমৃদ্ধ হয়ে উঠবে। সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলাই এ প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য।’

সিয়াম সরিষা
Link copied!