৩ কিলোমিটার পথ হেলিকপ্টারে পাড়ি দিয়ে বিয়ে, প্রত্যন্ত গ্রামে হাজারো মানুষের ভিড়

মোঃ হোসাইন ইসলাম , নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৮ পিএম

৩ কিলোমিটার পথ হেলিকপ্টারে পাড়ি দিয়ে বিয়ে, প্রত্যন্ত গ্রামে হাজারো মানুষের ভিড়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। পার্শ্ববর্তী সিনামাছি গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার পথ হেলিকপ্টারে পাড়ি দিয়ে কনের বাড়িতে এসেছেন বর। টিয়ারা দিঘির পাড়ের বাসিন্দা ও দুবাইয়ের ব্যবসায়ী মো. আব্দুল্লাহ মিয়ার একমাত্র মেয়ে নাবিলা আক্তারের সঙ্গে সিনামাছি গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. রাজিব মিয়ার বিয়ে সম্পন্ন হয়।

পরিবার সূত্রে জানা যায়, একমাত্র মেয়েকে হেলিকপ্টারে করে বিয়ে দেওয়ার স্বপ্ন ছিল কনের মা-বাবার। সেই স্বপ্ন পূরণ করতেই শুক্রবার হেলিকপ্টারে করে বরযাত্রার আয়োজন করা হয়।শুক্রবার সিনামাছি গ্রাম থেকে হেলিকপ্টারে করে টিয়ারা গ্রামে বর মো. রাজিব মিয়া পৌঁছালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হেলিকপ্টারে বর আসার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ভিড় জমান। প্রত্যন্ত গ্রামে এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন দেখতে মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

একমাত্র মেয়ের বিয়েতে নিজেদের স্বপ্ন পূরণ করতে পেরে আনন্দিত কনের মা-বাবা। নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন দুই পরিবারের স্বজন ও এলাকাবাসী।

Link copied!