লাকসামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ছাইদ গ্রেপ্তার

দেলোয়ার হোসেন , লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৯ পিএম

লাকসামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ছাইদ গ্রেপ্তার

ফাইল ফটো

কুমিল্লার লাকসামে আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবু ছাইদ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২৫ মিনিটে লাকসাম পৌরসভার ধানবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু ছাইদ উপজেলার সাতঘর ইছাপুরা এলাকার হাসেম দপ্তরীর বাড়ির বাসিন্দা। তিনি মৃত আলী হোসেনের ছেলে এবং পেশায় দিনমজুর।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা পাশের বাড়িতে পানি আনতে গেলে শিশুটি বাড়িতে একা ছিল। এ সময় আবু ছাইদ ওই ঘরে প্রবেশ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। সেখানে তিনি শিশুটিকে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে শিশুটি কান্নাকাটি ও চিৎকার শুরু করলে তিনি পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটির কান্নার শব্দ শুনে তার মা বাড়িতে ফিরে আসেন। শিশুটির কাছ থেকে ঘটনা জানার পর তিনি থানায় অভিযোগ করেন। এজাহারে আরও বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি তাঁদের আত্মীয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ১৭ সেপ্টেম্বর লাকসাম থানায় মামলা করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় করা হয়েছে। মামলায় আবু ছাইদকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা লাকসাম থানার এসআই মো. সিরাজুল ইসলাম আদালতে দেওয়া প্রতিবেদনে জানান, ১৯ সেপ্টেম্বর ধানবাজার এলাকা থেকে আবু ছাইদকে গ্রেপ্তার করা হয়। তাঁকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রতিবেদনে মামলার ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা জানান, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে রাখার জন্য আদালতে আবেদন করা হয়েছে।

লাকসাম থানার ওসি কাজী কামরুন নাহার লাইলী বলেন, মামলার তদন্তের অংশ হিসেবে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সিয়াম সরিষা
Link copied!