আব্দুল আজিজ , তিতাস : কুমিল্লার তিতাসে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নিয়ে এক মসজিদের ইমাম উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার জগতপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামের মধ্যপাড়া মসজিদের ইমাম মাওলানা ইব্রাহীমের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাওলানা ইব্রাহীম প্রায় দুই বছর ধরে মাছিমপুর গ্রামের মধ্যপাড়া মসজিদে ইমামতি করে আসছিলেন। ইমামতির পাশাপাশি তিনি স্থানীয় বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিতেন। এক সপ্তাহ বা ১০ দিনের মধ্যে সেই টাকা ফেরত দেওয়ার সময় মূল টাকার সঙ্গে অতিরিক্ত অর্থও দিতেন।
অভিযোগকারীদের ভাষ্য, কেউ তাকে ১০ হাজার টাকা দিলে নির্দিষ্ট সময় পর তিনি ১২ হাজার টাকা ফেরত দিতেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করতেন, তিনি বৈদেশিক মুদ্রা কেনাবেচার ব্যবসা করেন। অন্যের টাকা দিয়ে ব্যবসা করে লাভ হলে সেই লাভের একটি অংশ হিসেবে অতিরিক্ত টাকা ফেরত দেন বলেও তিনি জানাতেন। শুরুতে বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তুললেও পরবর্তীতে নিয়মিত টাকা ফেরত পাওয়ায় তাদের সন্দেহ কমে যায়।পরবর্তীতে ইব্রাহীম স্থানীয়দের জানান, বৈদেশিক মুদ্রা কেনাবেচার পাশাপাশি তিনি জমি কেনাবেচার ব্যবসার সঙ্গেও জড়িত।
এ সময় কম দামে ভালো ও সুবিধাজনক জমি কিনে দেওয়ার কথা বলে তিনি কয়েকজনের কাছ থেকে বড় অঙ্কের টাকা নেন বলে অভিযোগ রয়েছে।এভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা সংগ্রহ করার পর তিনি হঠাৎ করে এলাকা ছেড়ে চলে যান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলেও তারা জানান। অভিযোগে বলা হয়েছে, পলাতক ইব্রাহীমের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পূর্ব সন্মান্দি গ্রামে। তার বাবার নাম কালু মিয়া, মায়ের নাম নাসিমা এবং স্ত্রীর নাম তানিয়া আক্তার।
স্থানীয়দের দাবি, ইব্রাহীম এর আগে অন্য এলাকাতেও একই ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সেখান থেকে তিনি চলে যাওয়ার পর তার বিরুদ্ধে মামলা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলেও স্থানীয়রা জানান। পরে জামিনে বের হয়ে তিনি মাছিমপুরে এসে একই ধরনের কর্মকাণ্ড শুরু করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাদের টাকা উদ্ধারে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :