জুমার নামাজে ডাকতে গিয়ে সাড়া নেই, সৌদিতে ঘুমের মধ্যেই তরুণের মৃত্যু

মো: শাহেদ , সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৩ পিএম

জুমার নামাজে ডাকতে গিয়ে সাড়া নেই, সৌদিতে ঘুমের মধ্যেই তরুণের মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ঘুমের মধ্যে মারা গেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফয়েজ (২৩)। তিনি মরহুম বক্কর মেম্বারের ছোট ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শৈশবেই বাবাকে হারান তিন ভাই। নানা প্রতিকূলতা ও সংগ্রামের মধ্য দিয়ে বড় হওয়ার পর বড় ভাই মামুনুর রশিদ জীবিকার সন্ধানে সৌদি আরবের জেদ্দায় পাড়ি জমান। সেখানে ব্যবসা প্রতিষ্ঠার পর তিনি দুই ছোট ভাইকে সৌদি আরবে নিয়ে যান। বর্তমানে তিন ভাই মিলে সেখানে তিনটি দোকান পরিচালনা করছিলেন।

স্বজনদের ভাষ্য, তিন ভাইয়ের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও তারা একসঙ্গে জীবন ও কর্মযাত্রা অতিবাহিত করছিলেন। কিন্তু শুক্রবার সেই সম্পর্কে নেমে আসে আকস্মিক বিচ্ছেদ। জুমার নামাজের সময় ফয়েজকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে তাকে খোঁজ করা হয়। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবারের ধারণা, ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে।

মাত্র ২৩ বছর বয়সে ফয়েজের এমন মৃত্যুতে সৌদি আরবে থাকা দুই ভাই এবং দেশে থাকা পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শৈশবে বাবাকে হারানোর পর যে তিন ভাই পরস্পরের হাত ধরে জীবনের কঠিন পথ পাড়ি দিয়েছিলেন, ছোট ভাইয়ের মৃত্যুতে সেই পথচলা থমকে গেল। ফয়েজের মামা মোরশেদুল আলম চৌধুরী জানান, সৌদি আরব থেকে মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।

Link copied!