নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৯০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা ও পরিচিতি সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী সফিউল আলম বাচ্চু, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, মোবারক হোসেন, জমির আলী, মাসুদ মোল্লা, হাজী ধনু মিয়া, আব্দুস সামাদ, কামাল হোসেন, জয়নাল মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সভাপতি মোহাম্মদ আলী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পড়ালেখায় মনোযোগী হওয়ার পাশাপাশি সব ধরনের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে সফিউল আলম বাচ্চু বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে। মাদক সমাজ ও জীবনকে ধ্বংস করে দেয়, তাই তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থেকে শিক্ষার আলোয় আলোকিত হতে হবে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিক্ষার সার্বিক উন্নয়নে সবসময় সমর্থন ও সহযোগিতা থাকবে। সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম। আলোচনা সভা শেষে ২০২৫ সালের সমাপনী বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ৬ জন কৃতি শিক্ষার্থী এবং ১ম থেকে ৫ম শ্রেণির মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :