জয়পুরহাটে ৭৩ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪

শাহাদুল ইসলাম সাজু , জয়পুরহাট জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০৮ পিএম

জয়পুরহাটে ৭৩ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪

ফাইল ফটো

জয়পুরহাটের আক্কেলপুরে ভারতে পাচারের প্রস্তুতিকালে প্রায় ৭২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

​বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে আক্কেলপুরের একটি চক্র ভারতে পাচারের উদ্দেশ্যে কষ্টিপাথরের মূর্তি মজুত করে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিজিবি ও এসআরবির একটি যৌথ টহলদল আক্কেলপুরের বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে কষ্টিপাথরের মূর্তিসহ মুকুল চন্দ্র ও কামাল হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরও দুই সদস্য হামিদুর রহমান ও জাকির হোসেনকে আটক করে যৌথ বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মূর্তি পাচারকারী দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। ​উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা।

​আটককৃত চারজন হলেন আক্কেলপুর সদরের মৃত সিরাজ সরদারের ছেলে হামিদুর রহমান (৬২), শ্রীরামপুরের অনন্তপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে জাকির হোসেন (৫০),  সোনামুখী জালালপুর গ্রামের শ্রী সুচীন চন্দ্র মন্ডলের ছেলে মুকুল চন্দ্র মন্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৬০)। ​জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তি এবং আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!