ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল চোরাচালানি পণ্য উদ্ধার

ইলিয়াস হোসাইন , কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৪ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল চোরাচালানি পণ্য উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, ইয়াবা, কীটনাশক, কসমেটিকস, ইলেকট্রনিক্স, ইমিটেশন সামগ্রী ও চকলেটসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্রে জানা যায়, ২২ সেপ্টেম্বর বিকেল ৪টা ১০ মিনিটের দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৬-এমপি থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি কলাবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন একই এলাকায় পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়।

২৩ সেপ্টেম্বর রাত ৩টা ১০ মিনিটের দিকে বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬২/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি আমবাগানে অভিযান চালিয়ে ১ হাজার ৫৬৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন রাত ৩টা ১৫ মিনিটের দিকে শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১০৫-আর থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি কলাবাগানে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের ইমিটেশন সামগ্রী উদ্ধার করা হয়।

এছাড়া ২২ সেপ্টেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৭/৬-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পেয়ারা বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ বোতল ভারতীয় কীটনাশক ও ১ প্যাকেট চকলেট উদ্ধার করা হয়। অন্যদিকে, ২৩ সেপ্টেম্বর সকাল ৭টা ১০ মিনিটের দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৬/৪-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি আমবাগানে অভিযান চালিয়ে ১০০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

সিয়াম সরিষা
Link copied!