নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও সেপ্টেম্বর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত এসব সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম। সকাল ১০টায় শুরু হওয়া মাসিক কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাঁদের সামষ্টিক সমস্যার কথা তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সভায় পেশাগত দক্ষতা, অপরাধ দমন, ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটন, অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের ১৪ জন কর্মকর্তা ও পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন ফতুল্লা থানায় কর্মরত এএসআই (নিঃ) মোঃ আব্দুল হামিদ খান। শ্রেষ্ঠ এসআই হয়েছেন রূপগঞ্জ থানায় কর্মরত এসআই (নিঃ) রৌশন আলী।শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন ট্রাফিক শাখায় কর্মরত সার্জেন্ট শফিউল আজম শোভন এবং শ্রেষ্ঠ ডিবি অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) মোঃ মফিজুল ইসলাম। ক্লু-লেস মামলা শনাক্ত ও রহস্য উদ্ঘাটনে সাফল্যের জন্য পুরস্কৃত হয়েছেন বন্দর থানায় কর্মরত এসআই (নিঃ) মিকাইল হোসেন, ফতুল্লা মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) পলাশ বাইন এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক।
বিশেষ পুরস্কার পেয়েছেন বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন। এ ছাড়া অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারে সাফল্যের জন্য পুরস্কৃত হয়েছেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ. এইচ. এম. সালাউদ্দিন। ডিএসবি শাখায় বিশেষ পুরস্কার পেয়েছেন এসআই (নিঃ) মোহাম্মদ শরীফ হোসেন, এসআই (নিঃ) মোঃ জামাল উদ্দিন, ওয়াচার কনস্টেবল ৫৭৭ মাহবুব আফ্রাদ, ওয়াচার কনস্টেবল ৫৩০ হুমায়ুন কবির এবং ওয়াচার কনস্টেবল ৬৭১ মোঃ ইসমাইল খান। পরে দুপুর ১২টায় সেপ্টেম্বর-২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেপ্টেম্বর মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, সিআইডি, নৌ-পুলিশ ও হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শকবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :