কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

ফাহাদুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬, ০৭:৩৭ পিএম

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১ মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১১ জানায়, চট্টগ্রামের চন্দনাইশ থানার একটি হত্যা মামলায় ২০১৩ সালের ১৯ মে আবু মোকারমকে মৃত্যুদণ্ড দেন আদালত। ওই মামলায় তিনি ২০১৩ সালের ৯ জুলাই থেকে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন।

২০২৪ সালের ৬ আগস্ট কারাগারে দাঙ্গা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্য বন্দিদের সঙ্গে তিনিও কারাগার থেকে পালিয়ে যান। এরপর থেকে পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সিয়াম সরিষা
Link copied!