পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও চড়া সবজির বাজার

হারুনার রশীদ বুলবুল , কেশবপুর (যশোর) সংবাদদাতা

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬, ০৩:৫৩ পিএম

পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও চড়া সবজির বাজার

যশোরের কেশবপুরে শীতের আগমনি বার্তার সঙ্গে সঙ্গে স্থানীয় বাজারগুলোতে উঠতে শুরু করেছে হরেক রকমের শীতকালীন সবজি। পাইকারি বাজারে সবজির সরবরাহ ভালো থাকলেও প্রতিটি সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। সোমবার কেশবপুরের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শীতের আগাম সবজিতে বাজার ভরপুর থাকলেও দাম চড়া থাকায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। বাজারে প্রতি কেজি নতুন শিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত। এছাড়া মানভেদে প্রতি কেজি ফুলকপি ৮০ থেকে ১১০ টাকা এবং বাঁধাকপি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। শীতের অন্যতম জনপ্রিয় সবজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। পাশাপাশি বেগুন ও গাজর ১২০ থেকে ১৩০ টাকা এবং বরবটি ৬০ থেকে ৮০ টাকা কেজির মধ্যে বিক্রি হতে দেখা গেছে। তবে পটল, ঢ্যাঁড়স ও চিচিঙ্গার মতো কিছু সবজি ৫০ থেকে ৬০ টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে। তুলনামূলক কম দামের মধ্যে কেবল পেঁপে ২৫ থেকে ৩০ টাকা এবং পুরোনো আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে আসা ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শীত মৌসুমের শুরুতেই সবজির দাম কিছুটা সহনশীল থাকার কথা। কিন্তু পেঁপে ও আলু ছাড়া ৮০ টাকার নিচে কোনো সবজি নেই বললেই চলে। ফুলকপি, শিম বা টমেটোর দাম সাধারণের নাগালের বাইরে। আয় না বাড়লেও প্রতিদিন বাজার খরচ বেড়েই চলেছে। তারা বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত মনিটরিং দাবি করেছেন। সবজি বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, শীতের আগমন কেবল শুরু হচ্ছে। খেতের ফসল পুরোপুরি বাজারে আসতে আরও কিছুটা সময় লাগবে। সবজি পর্যাপ্ত পরিমাণে বাজারে না আসা পর্যন্ত দাম এমন চড়া থাকতে পারে। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে শীতকালীন সবজির সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

সিয়াম সরিষা
Link copied!