নারায়ণগঞ্জের বন্দরে রাতভর অভিযান চালিয়ে কথিত ডাকাত দলের প্রধান মামুনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) ভোরে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৫৫ জন পুলিশ সদস্যের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে মামুন ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের কাছে মামুন ডাকাত আতঙ্কের নাম। তাঁর বিরুদ্ধে প্রায় ২০ থেকে ২৫টি ডাকাতি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে তাঁর কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। রাতভর অভিযান শেষে ভোরে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় বন্দর থানা পুলিশের এ অভিযানকে সফল হিসেবে দেখছেন স্থানীয়রা। এ অভিযানে নেতৃত্ব দেওয়ায় ওসি জামাল উদ্দিনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রশংসা করেছেন অনেকে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা স্থানীয়দের।

আপনার মতামত লিখুন :