কেরানীগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বিচারের দাবিতে মানববন্ধন

নাজিউল্লাহ ভূইয়া , কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬, ০৫:৩৮ পিএম

কেরানীগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বিচারের দাবিতে মানববন্ধন

ঢাকার কেরানীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নজরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১ নভেম্বর) বিকেলে তারানগর ইউনিয়নের কাঠালতুলি গ্রামের বাজার এলাকায় ‘গ্রামের সচেতন জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযুক্ত নজরুল ইসলাম তারানগর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ সহসভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি এলাকায় কবিরাজ হিসেবেও পরিচিত। তার বিষয়ে তারানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ ফারুকী বলেন, ‘ঘটনাটি নিয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। তদন্তে তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা সাফায়েত ঢালি অভিযোগ করেন, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী শিশুর পরিবারকে অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। শিশুটিকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি কাউকে ঘটনা জানালে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এমনকি অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসার জন্য পরিবারের ওপর চাপ দেওয়া হচ্ছিল। এ সময় ৩০ শতাংশ জমি লিখে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয় বলে জানান তিনি। সাফায়েত ঢালি আরও বলেন, স্থানীয় কয়েকজনের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় কয়েকজন মুরব্বি বিষয়টি মীমাংসার জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ করেন তিনি। পরে তিনি শিশুটিকে নিয়ে থানায় গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। তিনি এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ভুক্তভোগী শিশুর মা নাসিমা বেগম মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার দাবি করে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। তিনি বলেন, ‘তাঁকে এমন শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের জঘন্য কাজ করার সাহস কেউ না পায়। তাঁরা আমাকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমার কোনো টাকা-পয়সা বা ক্ষতিপূরণের প্রয়োজন নেই। আমি শুধু আমার মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। মানববন্ধনে কাঠালতলি গ্রামের বাসিন্দা ইমরান হোসেন বলেন, ‘একটি শিশুর ওপর এমন ঘটনার অভিযোগ পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। অভিযুক্ত ব্যক্তি যে-ই হোন, তাঁর রাজনৈতিক পরিচয় বা পদ-পদবি দিয়ে এই অপরাধ আড়াল করা যাবে না। আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি চাই।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেরানীগঞ্জ উপজেলা আহ্বায়ক মো. মামুন, ঢাকা জেলা দক্ষিণের মাসুম পারভেজ রুবেল, স্থানীয় সমাজসেবক ইয়াকুব ও সাইফুল। এ সময় ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মামলাটির তদন্ত চলছে এবং অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি কেরানীগঞ্জ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মানববন্ধন থেকে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সিয়াম সরিষা
Link copied!