ময়মনসিংহের গৌরীপুরে সরকারি জমি দখলের সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিককে অপহরণ, মুক্তিপণ দাবি, হত্যার হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ নম্বর আমলি আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী সাংবাদিক এইচ টি তোফাজ্জল হোসেন (৩২)। তাঁর অভিযোগ, গৌরীপুরের কলতাপাড়া এলাকায় সরকারি জায়গা দখলের বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করায় আসামিরা তাঁর ওপর ক্ষুব্ধ হন। এর জেরে তাঁকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়। অভিযোগে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে গৌরীপুরের কলতাপাড়া বড়বাড়ি এলাকায় এক সাক্ষীর বাড়ি থেকে বাদী বের হওয়ার সময় আসামিরা পরস্পর যোগসাজশে তাঁকে জোরপূর্বক অপহরণ করে ২ ও ৩ নং আসামির বাড়িতে নিয়ে যান। মসেখানে তাঁকে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়। পাশাপাশি তাঁর স্ত্রীকে ফোন করে টাকা নিয়ে আসতে বলা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। বাদীর অভিযোগ, মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাঁকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়।
এতে তাঁর মাথায় চারটি সেলাই দিতে হয়। এ ছাড়া লাঠি, রড, কিল, ঘুষি ও লাথি দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ সময় বাদীর গলায় থাকা আনুমানিক এক লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন, পকেটে থাকা ৫০ হাজার টাকা এবং হাতে থাকা আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণের আংটি নিয়ে যাওয়া হয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় বাদীকে একটি মিথ্যা মামলায় আটক করার অভিযোগও আনা হয়েছে। বাদীর দাবি, ঘটনার সাক্ষী ও ভিডিওচিত্র তাঁর কাছে রয়েছে। চিকিৎসা গ্রহণের পর কিছুটা সুস্থ হয়ে তিনি আদালতে ন্যায়বিচার চেয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৮৫, ৩৮৬, ৩৮৭, ৩৬৪, ৫০৬ (১১) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিকের ওপর এমন নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :