গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বাগানবাড়ি এলাকার রায়েরচালা বাজারে মাদ্রাসার নাম ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগে হাফেজ ক্বারী মো. আব্দুল আলীম রুহির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আব্দুল আলীমের কথিত উচ্ছৃঙ্খল আচরণ ও বিভিন্ন কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ। তার বিরুদ্ধে আপন বোন সালমা আক্তার, বোনজামাই মুমিন এবং বড় ভাই আলী আজগরের স্ত্রী লিপি আক্তারের ওপর হামলা ও শারীরিক নির্যাতনের অভিযোগও তোলা হয়।
এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। স্থানীয়দের অভিযোগ, বাগানবাড়ি এলাকায় আব্দুল আলীম ‘দারুল আকরাম মহিলা মাদ্রাসা’ পরিচালনা করেন। সম্প্রতি ওই মাদ্রাসায় আয়োজিত একটি ওয়াজ মাহফিলে একটি গর্ভবতী ছাগলের বাচ্চা ফেলে দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়ানোর অভিযোগ ওঠে। এছাড়া মাদ্রাসার নাম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে অনুদান সংগ্রহ করে তা ব্যক্তিগতভাবে ভোগ করার অভিযোগও করেন স্থানীয়রা।
মানববন্ধন থেকে বক্তারা এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য দেন সালমা আক্তার, লিপি আক্তার, নূর মোহাম্মদ, বাবুল হোসেন, তাজর উদ্দিন, লিটন মিয়া, আনিছ মিয়াসহ স্থানীয় বাসিন্দারা। তবে অভিযুক্ত আব্দুল আলীম রুহির বক্তব্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :