নাশকতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে গাজীপুরের পূবাইলে বিক্ষোভ মিছিল করেছে পূবাইল মেট্রো থানা বিএনপি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে মিরের বাজার থেকে বের হওয়া মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে সরগরম হয়ে ওঠে পুরো এলাকা। বিকাল ৪টায় মিরের বাজারের ঘাস ফড়িং রেস্টুরেন্টের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালটিয়া রানা সিএনজি পাম্পে গিয়ে কর্মসূচি শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন পূবাইল মেট্রো থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল। তিনি বলেন, পূবাইলে নাশকতা, বিশৃঙ্খলা কিংবা রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির কোনো অপচেষ্টা হলে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে রাজপথে থাকবে। মিছিল চলাকালে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিরের বাজার। তারা “জিয়ার সৈনিক এক হও”, “রাজপথে নামিস নারে, পিঠের ছাল থাকবে নারে”, “নাশকতা করিস নারে, শেখের বেটি আসবে নারে”—বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন পূবাইল মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সিনিয়র সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, আসাদুজ্জামান খান বুলবুল, আফজাল হোসেন, জাকির হোসেন, মাসুদ রানা, মামুন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।এদিকে বিএনপি নেতারা জানান, ২৩ সেপ্টেম্বর থেকে পূবাইলে নাশকতার বিরুদ্ধে প্রতিরোধমূলক বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :