কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

তুষার আহম্মেদ , কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫৭ পিএম

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

ফাইল ফটো

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে কালিয়াকৈর বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। পরে বাস টার্মিনাল এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মিনার উদ্দিন। সমাবেশে মিনার উদ্দিন দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগ নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় থেকে সাড়ে ছয় মাস সময় পার করেছে।

এর মধ্যে দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির অভিযোগ উঠছে।মিনার উদ্দিনের অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, যানবাহনে অগ্নিসংযোগ, রেলপথে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে।তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না। শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। মিনার উদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কালিয়াকৈর উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতাকর্মীরা দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় রাজপথে রয়েছেন। আগামী দিনেও দেশের স্বার্থে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তারা রাজপথে থাকবেন।

বিক্ষোভ মিছিলে কালিয়াকৈর উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান নাসির উদ্দিন, গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য কিরণ মাহমুদ, ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শমসের তালুকদার, উপজেলা শ্রমিক দলের সদস্য কবির হোসেন, জালাল উদ্দিন মণ্ডল, ওমর ফারুক, হুমায়ুন কবির ও রেজাউল করিমসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। পরে বিক্ষোভ মিছিলটি কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।

Link copied!