মোঃ আলমগীর হোসাইন ,কোনাবাড়ী : আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে গাজীপুরের কোনাবাড়িতে বিক্ষোভ মিছিল করেছে থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কোনাবাড়ী বিসিক গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী আসগর ও সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুজ্জামান রফিক, সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিব, মিয়া মোঃ ফরহাদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ পিয়াস চাকলাদার, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য নাজমুল আলম, থানা যুবদলের সদস্য সচিব এসএম আজিজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
বিক্ষোভ মিছিল শেষে বিএনপির নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে আগামী সাত দিন সড়ক-মহাসড়কে নেতাকর্মীদের নিয়ে পাহারা দেওয়া হবে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

আপনার মতামত লিখুন :