পূর্বধলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার ঠেকাতে তদবির

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৩ পিএম

পূর্বধলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার ঠেকাতে তদবির

ফাইল ফটো

সানোয়ার হোসেন : নেত্রকোনার পূর্বধলা থানাধীন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান আইনগত কার্যক্রমে পুলিশকে প্রভাবিত করার চেষ্টা এবং বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পূর্বধলা থানা পুলিশ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে অভিযান জোরদার করেছে। গত ২৮ আগস্ট পূর্বধলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানেও পূর্বধলা থানা পুলিশের তৎপরতার তথ্য প্রকাশিত হয়েছে। চলতি ২১ সেপ্টেম্বর শ্যামগঞ্জ এলাকায় ৪০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটকের খবরও প্রকাশিত হয়েছে। তবে অভিযোগ রয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার না করতে একটি মহল পুলিশের বিভিন্ন পর্যায়ে তদবির চালিয়ে আসছে। তদবিরে সাড়া না দেওয়ায় পুলিশের ওপর চাপ সৃষ্টি করতে সামাজিক যোগাযোগ  মাধ্যমে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে।

পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আইন অনুযায়ী যাদের বিরুদ্ধে মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পুলিশের দায়িত্ব। কোনো ব্যক্তির তদবির বা চাপের কারণে আইনগত কার্যক্রম বন্ধ করার সুযোগ নেই।

স্থানীয়দের অভিযোগ, একটি স্বার্থান্বেষী চক্র পুলিশের নিয়মিত অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাদের দাবি, কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন না করে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হলে প্রকৃত ঘটনা আড়ালে পড়ে যেতে পারে। এদিকে পূর্বধলা থানা পুলিশ জানিয়েছে, মাদক, অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মামলা ও অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিয়াম সরিষা
Link copied!