আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রাজ্জাক মিয়া। তিনি তেওতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল কাদের মিয়ার বড় ভাই। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয়ভাবে ক্লিন ইমেজ ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তার পরিচিতি রয়েছে। তেওতা ইউনিয়ন মূলত যমুনা বিধৌত একটি দুর্গম চরাঞ্চল। প্রতি বছর নদী ভাঙন, যোগাযোগ সমস্যা এবং মাদকের বিস্তার এখানকার মানুষের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত।
চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া বলেন, ‘তেওতা একটি অবহেলিত চরাঞ্চল। আমার ছোট ভাই মরহুম কাদের চেয়ারম্যান এই ইউনিয়নের জন্য যে উন্নয়ন কাজ শুরু করেছিলেন, সেই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করাই আমার মূল লক্ষ্য। তিনি আরও বলেন, ‘নির্বাচিত হলে প্রথমেই নদী শাসন ও বেড়িবাঁধ মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জোরালোভাবে কাজ করব। পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলা ও সচেতনতামূলক কর্মসূচি হাতে নেব।’
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক চেয়ারম্যান মরহুম কাদের মিয়ার জনপ্রিয়তাকে কেন্দ্র করে তার বড় ভাই রাজ্জাক মিয়ার প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। বিশেষ করে চরাঞ্চলের মানুষ তার কাছে টেকসই নদী শাসনের দাবি জানাচ্ছেন। এ বিষয়ে তেওতা ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি দুর্গম চরের দুঃখ বোঝেন এবং ইউনিয়নের জন্য সরকারি বরাদ্দ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

আপনার মতামত লিখুন :