কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সমর্থক পরিচয়ে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, সরকারবিরোধী ষড়যন্ত্র ও জনমনে ভীতি সৃষ্টি নাশকতার উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে ডিআর স্কুলের মাঠসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে আটক করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে এসআই আব্বাস কবির চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের দাবি, অভিযানের সময় ঘটনাস্থলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকেরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে সেখান থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, হৃদয় ভূঁইয়া (১৪), তানভীর হোসেন (১৪), মাসুদ (১৪), ইয়াছিন (১৬), হাসান ভূঁইয়া (১৮), আসিফ (১৮), সাইফুল ইসলাম (১৮), তানজিদ (১৮), হানিফ ভূঁইয়া (১৯), মোবারক (১৯), শাহেদ (১৮), আতিক (১৮) ও মহিনুল ইসলাম (১৮)।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় মুরাদনগর থানায় একটি মামলা করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। গ্রেপ্তারকৃত চারজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের ‘আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :