বাংলাদেশ পুলিশের ৩৪তম ব্যাচের কর্মকর্তা ও চট্টগ্রাম জেলার হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) পেয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) তাঁর পদকপ্রাপ্তির বিষয়টি ঘোষণা করা হয়। আগামী কয়েক দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি এ পদক গ্রহণ করবেন। কাজী মো. তারেক আজিজ এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দেন।
হাটহাজারী ও ফটিকছড়ি থানা এলাকায় দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পদক দেওয়া হয়েছে। পদকপ্রাপ্তির প্রতিক্রিয়ায় কাজী মো. তারেক আজিজ বলেন, এ পদক প্রাপ্তি যেকোনো পুলিশ কর্মকর্তার জন্য অত্যন্ত গর্বের এবং দায়িত্ববোধ বাড়িয়ে দেওয়ার মতো একটি অর্জন। পেশাগত দায়িত্ব পালনের সময় সব অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আপসহীন থেকে কাজ করার যে চেষ্টা চালিয়ে এসেছি, এ স্বীকৃতি তারই ফল। তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকার শান্তি বজায় রাখতে ভবিষ্যতেও আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

আপনার মতামত লিখুন :