গাজীপুর মহানগরীর গাছা থানায় দায়ের করা চাঞ্চল্যকর গার্মেন্টস শ্রমিক কার্তিক (৩৫) হত্যা মামলার মূল দুই আসামিকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন মাশাইল বাজার এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো গাজীপুর মহানগরের পূবাইল থানার খুরাইদ এলাকার মৃত ফারুকের ছেলে মো: শিমুল মিয়া (২৫) এবং একই এলাকার মৃত জবেদ আলীর ছেলে মো: জহিরুল ইসলাম ওরফে ফালান (৪৯)। তারা উভয়েই বর্তমানে গাছা থানার কুনিয়া পাছর চৌধুরী মার্কেট এলাকায় বসবাস করে আসছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০২৬ ইং তারিখে গাছা থানায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় মামলাটি (মামলা নং- ৪২) রুজু হয়। নিহত কার্তিক গাছা থানার ৩৭ নম্বর ওয়ার্ডের কুনিয়া পাছর চৌধুরী মার্কেট এলাকার বাসিন্দা সুশীল চন্দ্র শীল ও আলো রানীর ছেলে। ঘটনার পর থেকেই জড়িত আসামিরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে রোববার (০১ নভেম্বর ২০২৬ ইং) বিকেল ৫:০০ ঘটিকায় গাছা থানার এক উপ-পরিদর্শক (এসআই) মো: সাইফুল আলম, এসআই মো: সাখাওয়াত হোসেন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: ইব্রাহিম মিয়ার নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের ময়মনসিংহ থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গাছা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত মূল আলামত উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে জোরদার যৌথ অভিযান চালানো হচ্ছে। উল্লেখ্য ,মঙ্গলবার ২৭ অক্টোবর রাতে কারখানা থেকে কাজ শেষ করে কুনিয়া তারগাছ এলাকা থেকে হেঁটে ভাড়া বাসায় ফিরছিলেন কার্তিক। পথে বড়বাড়ি এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাঁর ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :