গাজীপুরে মাদকের আসামি ধরতে গিয়ে গুলিসহ পিস্তল হারালেন এএসআই

শরীফ ওমর টুটুল , গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬, ১১:৪২ পিএম

গাজীপুরে মাদকের আসামি ধরতে গিয়ে গুলিসহ পিস্তল হারালেন এএসআই

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) একটি গুলিসহ পিস্তল হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত শনিবার (৩১ অক্টোবর) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় এই ঘটনা ঘটে। ​এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি হারিয়ে যাওয়া অস্ত্রটি উদ্ধারে বা সঠিক সন্ধান দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি)।

​অস্ত্র হারানো ওই পুলিশ কর্মকর্তার নাম পারভেজ মল্লিক। পুলিশ সূত্রে জানাযায়,  গত শনিবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উনিশে টাওয়ারের উত্তর পাশে অভিযান চালিয়ে মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের আটককৃত গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় অসাবধানতাবশত বা ধস্তাধস্তির একপর্যায়ে তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি হারিয়ে যায় বলে দাবি পুলিশের।

এবিষয়ে এএসআই পারভেজ মল্লিকের সাথে  মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনে চার্জ নেই বলে কলটি কেটে দেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ দৈনিক প্রতিদিনের কাগজ-কে জানান, গত শনিবার ৩১ অক্টোবর  মাদকবিরোধী অভিযানকালে ঢাকা-ময়মনসিংহ সড়কে এএসআইয়ের পিস্তল হারানোর ঘটনায় ওইদিনই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হারানো অস্ত্রটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সিয়াম সরিষা
Link copied!