গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬, ০৭:২৩ এএম

গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

ফাইল ফটো

বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাজনীতির পাশাপাশি মুক্তিযুদ্ধ ও ক্রীড়াঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাদেক হোসেন খোকার। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ঢাকা ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিল তাঁর।

১৯৫২ সালের ১২ মে পুরান ঢাকার গোপীবাগে জন্মগ্রহণ করেন সাদেক হোসেন খোকা। রাজনৈতিক জীবনের শুরুতে মওলানা ভাসানীর অনুসারী বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে আশির দশকে বিএনপিতে যোগ দেন। দলটির ঢাকা মহানগর সভাপতি ছাড়াও কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। জীবনের শেষ পর্যায়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি।

১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন সাদেক হোসেন খোকা। সংসদ সদস্য থাকাকালে যুব ও ক্রীড়া এবং মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি।

২০১৪ সালের ১৪ মে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান খোকা। সেখানে অবস্থানকালে তাঁর বিরুদ্ধে দেশে একাধিক দুর্নীতি মামলা হয় এবং কয়েকটি মামলায় সাজাও হয়। শেষ পর্যন্ত নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় ২০১৯ সালের ৪ নভেম্বর মৃত্যুবরণ করেন এই গেরিলা মুক্তিযোদ্ধা।

Link copied!