আ. লীগের ছোবল ঠেকাতে হাদির পথ অনুসরণের প্রশ্ন রাশেদ খাঁনের

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ এএম

আ. লীগের ছোবল ঠেকাতে হাদির পথ অনুসরণের প্রশ্ন রাশেদ খাঁনের

ফাইল ফটো

আওয়ামীলীগের অপতৎপরতা মোকাবিলায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শহীদ ওসমান হাদির পথ অনুসরণ করতে পারবে কি না, সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—টানা তিন মাস রাজপথ পাহারা দেওয়ার বিকল্প নেই। তাঁর দাবি, দীর্ঘদিন আড়ালে থেকে আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে এবং যেকোনো সামাজিক আন্দোলনে সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের অপতৎপরতা থেকে দেশকে রক্ষা করতে জামায়াত ও এনসিপি শহীদ ওসমান হাদির পথ অনুসরণ করতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তাঁর অভিযোগ, দল দুটি রাজনৈতিক স্বার্থে হাদির আওয়ামী লীগবিরোধী চেতনাকে ব্যবহার করছে, কিন্তু সেই আদর্শ থেকে অনেক দূরে রয়েছে।

পোশাকশ্রমিকদের মজুরি আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, মজুরি বোর্ডে সরকার, মালিক ও শ্রমিক পক্ষের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। এককভাবে কারও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আন্দোলন উসকে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁনের দাবি, আওয়ামী লীগের দুর্বৃত্তরা আন্দোলনে অংশ নিয়ে অরাজকতা সৃষ্টি করলে তা মোকাবিলায় বিএনপিকে একাই লড়তে হচ্ছে। জামায়াত ও এনসিপি ফ্যাসিবাদবিরোধী অবস্থানে বিএনপির পাশে থাকছে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে নাহিদ ইসলামের আহ্বানে সাড়া না দিয়ে শ্রমিকদের কাজে ফেরার বিষয়টিকে স্বাগত জানান রাশেদ খাঁন।

Link copied!