সরকারের ব্যর্থতা ঢাকতে বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচার: জামায়াত আমির

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:৫৮ এএম

সরকারের ব্যর্থতা ঢাকতে বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচার: জামায়াত আমির

ফাইল ফটো

প্রতিবাদী কণ্ঠ দমনের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি শফিকুর রহমানের।

সরকার নিজেদের ব্যর্থতা, অযোগ্যতা ও অদক্ষতা আড়াল করতে বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তুতে পরিণত করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সরকারের প্রতি বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করে জনগণের সমস্যা সমাধানে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে দলের সহযোগী সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের কারামুক্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, সরকারের ব্যর্থতা আড়াল করতে বিরোধী দলের চরিত্রহননের চেষ্টা না করে নিজেদের অযোগ্যতা কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া উচিত। মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে পারলে জনগণই সরকারকে সমর্থন করবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতের মতো স্বৈরাচারী পদ্ধতিতে প্রতিবাদী কণ্ঠ দমন কিংবা স্তব্ধ করার চেষ্টা বাংলাদেশে আর সফল হবে না। জনগণ ফ্যাসিবাদকে মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তির প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, বিমানবন্দরে লাগেজ পেতে দীর্ঘ অপেক্ষার প্রতিবাদ করায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অথচ তিনি কারও গায়ে হাত দেননি। তাঁর প্রতিবাদের পর বিমানবন্দরের বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ট্রলি সংযোজন, লাগেজ বেল্টে ক্যামেরা স্থাপন এবং গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের শরীরে বডি ক্যামেরা যুক্ত করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

শফিকুর রহমান বলেন, এসব পরিবর্তন প্রমাণ করে, আখতারুজ্জামান যেসব সমস্যার কথা তুলে ধরেছিলেন, সেগুলোর বাস্তবতা ছিল। তাঁর প্রতিবাদের ফলে বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে।

এদিকে কারামুক্ত মেজর আখতারুজ্জামান অভিযোগ করেন, গ্রেপ্তারের পর রিমান্ডে তাঁর চোখ বেঁধে জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন করা হয়েছে। মামলার সঙ্গে সম্পর্কহীন রাজনৈতিক দলের অভ্যন্তরীণ তথ্য জানতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

গত সোমবার হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আখতারুজ্জামান। পরে তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করেন জামায়াতের নেতাকর্মীরা।

এদিকে মঙ্গলবার সকালে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ।

Link copied!