ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, আহত পুলিশ

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ এএম

ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, আহত পুলিশ

ফাইল ফটো

রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মো. এনামুল নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, আর্মি গলফ ক্লাবের সামনে দায়িত্ব পালনরত পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির চালক কনস্টেবল এনামুল আহত হন। পরে তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে পরে তাঁকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছে বহরটি পুলিশের টহল গাড়িতে ককটেল নিক্ষেপ করে।

ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নির্দেশে মিছিলটি বের করার দৃশ্য দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মুখে মিছিলকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।

Link copied!