চকরিয়ায় আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, আটক ৯, মোটরসাইকেল জব্দ ১৪

চকরিয়ায় আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, আটক ৯, মোটরসাইকেল জব্দ ১৪

কক্সবাজারের চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর একটি গোপন বৈঠক পণ্ড করে দিয়েছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার এবং ব্যবহৃত ১৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট হাইওয়ে সংলগ্ন উলুবুনিয়া বওনাঘোনা এলাকার কামাল চেয়ারম্যানের মাছের প্রজেক্টে এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এবং কক্সবাজার জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ৩ নভেম্বর ‘জেল হত্যা দিবস’ পালনের আড়ালে চকরিয়া ও মাতামুহুরী সাংগঠনিক এলাকার ১৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভার অন্তত ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী সেখানে সমবেত হয়েছেন। তারা রাষ্ট্র ও সরকারবিরোধী চক্রান্তের উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন।

দুপুর ১টা ৪০ মিনিটে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে চড়াও হয়। এতে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ সতর্ক অবস্থান নিয়ে পুরো এলাকা ঘেরাও করে এবং ধাওয়া দিয়ে ৯ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন ইমতিয়াজ আহাম্মেদ আবতাহি (২০), নাজমুল হক (২১), সাকিবুর রহমান (২১), মো. নেজাম উদ্দিন (৩৪), রায়হান উদ্দিন (৩০), ইলিয়াছ উদ্দিন (১৯), জসিম উদ্দিন বাবুল (৪২), রবিউল হোসেন (২৮) এবং রেজাউল করিম টিটু (৪২)।

গ্রেপ্তারের পাশাপাশি পালিয়ে যাওয়া নেতাকর্মীদের ফেলে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানা পুলিশ জানায়, আটক আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি রোধসহ মাদক, অবৈধ অস্ত্র ও যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশি এই বিশেষ কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সিয়াম সরিষা
Link copied!