ফেনীর ফুলগাজীতে ‘মুন্সিরহাট ফিজিওথেরাপি’র যাত্রা শুরু

জসিম উদ্দিন , ফুলগাজী উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:১৪ পিএম

ফেনীর ফুলগাজীতে ‘মুন্সিরহাট ফিজিওথেরাপি’র যাত্রা শুরু

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাটে ‘মুন্সিরহাট ফিজিওথেরাপি’ নামে নতুন একটি ফিজিওথেরাপি সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় মানুষের জন্য উন্নত ও মানসম্মত ফিজিওথেরাপি চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। উদ্বোধন উপলক্ষে ৫ ও ৬ নভেম্বর দুই দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে এ সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন, ফেনী জেলার সদস্য সচিব হাফিজুর রহমান এবং সংগঠনটির সাবেক সেক্রেটারি আবু জুবায়ের ভূঁইয়া মুন্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন, ফেনী জেলার আহ্বায়ক আব্দুল মোতালেব হুমায়ুন। এ সময় বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুন্সিরহাটে নতুন এ ফিজিওথেরাপি সেবাকেন্দ্র চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটুর ব্যথা, জয়েন্টের সমস্যা, পেশির ব্যথা, চলাফেরায় অসুবিধা ও পক্ষাঘাত-পরবর্তী শারীরিক জটিলতায় ভোগা রোগীদের জন্য এ প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এতদিন এসব চিকিৎসার জন্য রোগীদের ফেনীসহ দূরবর্তী বিভিন্ন স্থানে যেতে হতো, যা সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি রোগীদের ভোগান্তি কমাবে।

নতুন প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা ক্যাম্পের মাধ্যমে এলাকার সাধারণ ও অসচ্ছল মানুষ চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের সুযোগ পাচ্ছেন। স্থানীয় সচেতন মহলের মতে, মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এলাকাবাসীর প্রত্যাশা, প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে মানসম্মত, আন্তরিক ও রোগীবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

সিয়াম সরিষা
Link copied!