আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা, চট্টগ্রামের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে লরি চালক মো. রিয়াজ উদ্দিনকে (৩২) গ্রেফতার করে। গ্রেফতার রিয়াজ উদ্দিন নোয়াখালী সদর থানার বাটির টেক এলাকার মো. আবু তাহেরের ছেলে।
গত ৩ নভেম্বর সড়ক দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী মাইশার মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। পরবর্তীতে চট্টগ্রামের জেলা পুলিশ সুপারের আশ্বাস এবং শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে তারা অবরোধ প্রত্যাহার করেন। শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম ছিল দুর্ঘটনায় জড়িত লরি চালককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা।
শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ ঘাতক লরি চালককে শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে অভিযুক্ত চালককে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :