কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী সাঁড়াশি অভিযানে আটক ২৯৯

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী সাঁড়াশি অভিযানে আটক ২৯৯

কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার ১৮টি থানা এবং ডিবি পুলিশের সমন্বয়ে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে একযোগে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। ৪ নভেম্বর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই অভিযান চালানো হয়। কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানসহ প্রতিটি থানা এলাকার চিহ্নিত স্থানগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত বেশি। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। অভিযানে মোট ২৯৯ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ১৪০ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়েছে।জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানের ধারাবাহিকতায় ৪ নভেম্বর পর্যন্ত মোট ৬,৮৫৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩,৯৬৪ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় এবং ২,৮৯৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উঠতি বয়সী কিশোররা যেন কোনোভাবেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিত এই অভিযান পরিচালনা করছে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে কঠোর মনিটরিং করা হচ্ছে। কিশোর অপরাধ রোধে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।

সিয়াম সরিষা
Link copied!