নড়াইলের লোহাগড়া উপজেলায় ছেলের হাতে আফসার শেখ (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আফসার শেখ পেশায় ভ্যানচালক ছিলেন। এ ঘটনায় তাঁর ছেলে খায়রুল শেখ (২৬) জড়িত বলে অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে বয়রা দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়িতে আফসার শেখকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর অভিযুক্ত খায়রুল শেখ দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান।
স্থানীয়দের দাবি, খায়রুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই তিনি তাঁর বাবাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। ঘটনার দিনও মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে আফসার শেখ টাকা দিতে অস্বীকৃতি জানালে খায়রুল ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করেন। নিজের ছেলের হাতে বাবার এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পাশাপাশি মাদকাসক্তির ভয়াবহতা নিয়ে তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত খায়রুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :