খেলাধুলার মধ্য দিয়ে গড়ে উঠুক সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত আগামী প্রজন্ম এমন প্রত্যাশা ও উদ্দীপনাকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ স্টুডেন্ট টুর্নামেন্ট। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, সুপ্ত ক্রীড়া প্রতিভার বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে আগামী দিনের সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি করার লক্ষ্য নিয়ে এ আয়োজন ঘিরে স্থানীয় শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসাহ-উদ্দীপনা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় সুসং দুর্গাপুর মহাবিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সহ:সভাপতি এম. রফিকুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং শিশু-কিশোর ও শিক্ষার্থীদের স্বপ্ন দেখা, নিজেদের যোগ্যতা প্রমাণ করা এবং সম্ভাবনাকে বিকশিত করার একটি সুন্দর মঞ্চ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের মনকে প্রফুল্ল রাখে, আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনের প্রতিকূলতা মোকাবিলায় সাহসী করে তোলে। বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক, কিশোর অপরাধ, সামাজিক অবক্ষয় ও নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠের অনুশীলন ও প্রতিযোগিতার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী শুধু খেলোয়াড় হিসেবেই নয়, বরং শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, সহনশীলতা, দায়িত্বশীলতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা নিয়েও বেড়ে ওঠে।
দুর্গাপুরের মতো সম্ভাবনাময় জনপদে শিক্ষার্থীদের নিয়ে এমন ক্রীড়া আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেক সময় প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিক্ষার্থীরা যথাযথ সুযোগ ও পরিচর্যার অভাবে নিজেদের দক্ষতা তুলে ধরতে পারে না। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগ তাদের সেই সম্ভাবনা প্রকাশের সুযোগ তৈরি করবে। তৃণমূলের মাঠ থেকে জাতীয় পর্যায়ের ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান গড়ে তোলার স্বপ্ন দেখাবে নতুন প্রজন্মকে।

আপনার মতামত লিখুন :