আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনের লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেনসহ উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রয়োজনীয় প্রস্তুতি, কর্মসূচির পরিকল্পনা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করেন উপস্থিত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এ সময় বক্তারা বলেন, জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিনগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সেগুলোর তাৎপর্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনার বিভিন্ন দিক সম্পর্কে মানুষের জানার সুযোগ তৈরি হয়। সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে উপজেলা প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সব দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন :