ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসহায় ও দুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় গঠিত কমিটিকে ফুল দিয়ে বরণ করেছেন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা সমাজসেবা কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হানের নেতৃত্বে গঠিত এ কমিটি জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন ও তদারকির দায়িত্ব পালন করবে।
গঠিত কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হানকে সভাপতি এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদ মিয়াজীকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন নাঙ্গলকোট পৌরসভা মেয়র পদপ্রার্থী মিজানুর রহমান মজুমদার, নাঙ্গলকোট সিটি হসপিটালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান মজুমদার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন ভূঁইয়া। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে জটিল রোগে আক্রান্ত অসহায় ও দুস্থ ব্যক্তিরা সরকারি আর্থিক সহায়তা কার্যক্রমের আওতায় আরও সহজে সেবা পাবেন। পাশাপাশি সহায়তা কার্যক্রম বাস্তবায়ন ও তদারকিতে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে। নবগঠিত কমিটিকে বরণ করার মধ্য দিয়ে জটিল রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :