ভেড়ামারায় খালের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর লাশ

মোঃ লিটন উজ্জামান , ভেড়ামারা প্রতিনিধি

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০৬ পিএম

ভেড়ামারায় খালের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর লাশ

ফাইল ফটো

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাছ আবাদি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৬০ বছর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১০ টার দিকে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রেললাইন সংলগ্ন পূর্ব পাশের একটি খাল থেকে ওই নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা খালের পানিতে একজন নারীর লাশ ভাসতে দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ভেড়ামারা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভেড়ামারা থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খালের পানি থেকে ভাসমান অবস্থায় থাকা নারীর লাশ উদ্ধার করে। এ সময় লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, খাল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ৬০ বছর। নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশ প্রযুক্তির সহায়তাসহ বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে। ওসি আরও জানান, নারীর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহের পাশাপাশি নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এদিকে অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্ত না হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহল সৃষ্টি হয়েছে। পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

সিয়াম সরিষা
Link copied!