শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:২৫ পিএম

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফাইল ফটো

পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দুই দেশের বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করা হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যুর প্রশ্ন আসে না। তাকে ফিরিয়ে আনতে প্রয়োজন বিচারিক প্রক্রিয়া ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়ন। তিনি শেখ হাসিনাকে সাধারণ বাণিজ্যিক ভ্রমণকারী হিসেবে বিবেচনা করা যায় না বলেও মন্তব্য করেন।

বাংলাদেশ-চীন-মিয়ানমার ত্রিপক্ষীয় করিডোর প্রসঙ্গে তিনি বলেন, এ উদ্যোগ নিয়ে বাংলাদেশ কোনো ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না। করিডোর বাস্তবায়িত হলে অঞ্চলটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে পারে। তবে এ ক্ষেত্রে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন।

চীনা প্রতিনিধিদলের সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে।

Link copied!