দু-এক মাসের মধ্যে শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:৫৪ পিএম

দু-এক মাসের মধ্যে শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ: প্রধানমন্ত্রী

ফাইল ফটো

আগামী এক থেকে দুই মাসের মধ্যে শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শ্রমিকদের মজুরি-সংক্রান্ত দাবিগুলো বিবেচনায় নিতে সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ড কাজ শুরু করেছে এবং দ্রুত নতুন মজুরি নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটে এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, নির্বাচিত সরকার দেশের সমস্যা সমাধান, শিল্পের প্রসার এবং ব্যবসা-বাণিজ্য বাড়াতে দিনরাত কাজ করছে, যাতে দেশের মানুষ ভালো থাকতে পারে। তবে সম্প্রতি ঢাকার কয়েকটি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।

তিনি বলেন, শ্রমিকদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে বোর্ড নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করবে, যাতে শ্রমিকদের জীবনমান কিছুটা উন্নত হয়।

প্রধানমন্ত্রী বলেন, কোনো শ্রমজীবী মানুষ শিল্পের ক্ষতি করতে পারেন না। শ্রমিকদের দাবির আড়ালে একটি মহল সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। সংবাদমাধ্যমে কারখানা, যানবাহন ও যন্ত্রপাতি ভাঙচুরের খবর পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশের উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশকে অন্যতম শিল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলা হবে এবং ষড়যন্ত্রকারীদের যথাযথ জবাব দেওয়া হবে।

Link copied!